নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ
প্রতিবছর ১ সেপ্টেম্বর দিনটি জাতীয় চালক দিবস হিসেবে পালন করা হয় । এ বছর মঙ্গলবার জাতীয় চালক দিবস উদযাপন করা হবে অল ড্রাইভার ও সহ চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বেলা ১১ টা থেকে অনুষ্ঠান শুরু হবে । বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকবেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
অল ড্রাইভার ও সহচালক অ্যাসোসিয়েশন হচ্ছে মজদুর মনিটরিং সেল এর অনুমোদিত একটি সংগঠন। অনুষ্ঠানে চালক ও সহ চালকদের বিভিন্ন সমস্যা, সমাধানের পথ ও দাবী দাওয়া নিয়ে আলোচনা হবে । চালক ও সহচালকদের স্বার্থ সম্বলিত একটি দাবি সনদ তুলে দেওয়া হবে পরিবহন মন্ত্রীর হাতে । মজদুর মনিটরিং সেল এর সভাপতি বিপ্লব কর এক সাক্ষাৎকারে এই কথাগুলি জানিয়েছেন।
তাদের দাবি গুলির মধ্যে রয়েছে চালকদের সমস্যা তুলে ধরার জন্য পরিবহন দপ্তরকে এসটিএ বোর্ড গঠন করা , মোটর শ্রমিক দের জন্য মোটর ওয়েলফেয়ার বোর্ড গঠন করা, বর্তমানে অটো নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা সমাধানের জন্য সমীক্ষা করে বিভিন্ন রূটে নির্দিষ্ট করে অটোর পারমিট দেওয়া ইত্যাদি । মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি শ্রী কর জাতীয় চালক দিবসের অনুষ্ঠানে রাজ্যের সমস্ত অংশের চালকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন । জাতীয় চালক দিবস হচ্ছে যানবাহনের চালকদের সম্মান ও স্বীকৃতির একটি দিন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩১ আগস্ট ২০২৬


