রাজ্যের বিভিন্ন আদালতে সরকারি আইনজীবীদের অনুমোদিত পদের সংখ্যা ১৬৮ টি এবং শূন্য পদের সংখ্যা ৬টি। বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এর এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান আইনমন্ত্রী রতন লাল নাথ। অপর এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, বিভিন্ন আদালতে সরকারি আইনজীবীদের শূন্য পদগুলি পূরণের জন্য সময় সময় প্যানেল তৈরি করা হয় এবং যোগ্যতা নির্ধারণের পর বি এন এস এস -এর বিধান অনুসারে নিয়োগ করা হয়। অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান , সরকারি মামলা কার্যকর ভাবে পরিচালনার জন্য আইন দপ্তরকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে । এই পদক্ষেপগুলির অন্যতম হলো ,ত্রিপুরার জুডিশিয়াল একাডেমী এবং ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউট দ্বারা নিয়মিতভাবে ফৌজদারি আইনের উপর প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। প্রসিকিউশনের জন্য নিয়মিত ভাবে রিফ্রেশার প্রোগ্রামও পরিচালনা করা হচ্ছে । এই ধরনের প্রোগ্রামগুলোতে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
বিধানসভায় আইন মন্ত্রী আরো জানান ,সংশ্লিষ্ট পদ্ধতিগুলি ছাড়াও আইনের সাম্প্রতিক সংশোধনী , আদালতের কার্যপ্রণালী এবং কার্যকর মামলা পরিচালনা সম্পর্কে সরকারি আইনজীবীদের আপডেট করার জন্য পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের সময়ে সময়ে বিভিন্ন প্রসিকিউশন প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালার আয়োজন করা হচ্ছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০শে আগস্ট ২০২৬

.jpg)