আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্রাবন মাস জুড়ে শহর সহ গ্রামীণ এলাকায় পদ্মপুরাণ এর ধুমঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    আমরা যতই আধুনিক হই না কেন,  ঐতিহ্য, পরম্পরা, ধর্ম, সংস্কৃতি ভুলে যাইনি।  শ্রাবণ মাস মানে ভরা বর্ষার মরশুম।  এই সময়কালই হচ্ছে সরীসৃপ পর্বের প্রাণী সাপের মিলন কাল। বিজ্ঞানের যুক্তি যাই থাকুক না কেন, শ্রাবণের সংক্রান্তিতে পূজিতা হন সর্পদেবী মনসা। তার আগে শ্রাবণ মাস ব্যাপী চলে মনসার পাঁচালী পাঠের পর্ব। অর্থাৎ একে পদ্মপুরাণও বলা হয়।

    কথিত আছে মনসা দেবীর জন্ম পদ্ম পাতায়। দেবাদিদেব  শিবের ঔরসেই  দেবীর জন্ম। শ্রাবণ মাস শুরু হতেই বিভিন্ন পাড়ায় পাড়ায় চলছে মনসার পাঁচালী পাঠ। রাজধানী আগরতলা শহরে এর প্রচলন কম থাকলেও গ্রামীণ এলাকায় কিংবা মহকুমা শহরগুলিতে এর ব্যাপক প্রচলন রয়েছে। সন্ধ্যা থেকে শুরু হয় পাঁচালী পাঠ। চলে গভীর রাত পর্যন্ত। এক এক রাতে পাঁচালী পাঠের দলগুলি ২/৩টি বাড়িতেও পাঁচালী পাঠ করেন। গ্রামীণ লোক শিল্পীরাই পাঁচালী পড়েন। বিভিন্ন সুরে পাঁচালীর গান গাইতে হয় তাদের। সঙ্গে হারমোনিয়াম, খোল, করতাল, ঝুনঝুনি  সবই থাকে।
    শিশু থেকে মহিলা, বয়স্ক সব অংশের  লোকেরা এই পাঁচালী পাঠের আসরে অংশ নেন। সামনে থাকে মা মনসা দেবীর ছবি ও ঘট। গ্রামীণ এলাকায় এই লোকসংস্কৃতি ঘিরে শ্রাবণ মাস ব্যাপী চলে ব্যাপক উন্মাদনা। এক এক সন্ধ্যায় এক এক বাড়িতে মনসার পাঁচালি  পড়ানো হয়। পাঁচালী পাঠের  পর প্রসাদ  বিতরণ করা হয়। সব মিলিয়ে এই পদ্মপুরাণ পাঠের আসর সত্যিই ধর্মীয় ও অধ্যাত্মিক আবহ গড়ে তোলে। ভক্তি ও উচ্ছ্বাস মানুষের মনকে আকৃষ্ট করবেই।
    আমাদের গ্রামীণ এলাকায় হাজারো লোক শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। যারা প্রথাগতভাবে তবলা বাজানো শিখেন নি। যারা কোথাও গানের তালিম নেন নি। অথচ এতটা দক্ষতার সঙ্গে পদ্মপুরাণ পাঠন করেন  তা প্রত্যক্ষ না করলে বিশ্বাস করা কঠিন। শুধুমাত্র দেখে ও শুনেই তারা খোল, করতাল, হারমোনিয়াম বাজানো ও মনসার পাঁচালী পাঠ ও পাচালীর গানগুলি রপ্ত করেন।

    হিন্দু সনাতনীরা হাজারো দেবদেবীর পুজার্চনা করলেও কাউকেই খাটো করেন না। আধ্যাত্মিকতা, ধর্ম, পুজার্চনাতে বরাবর এই ভাবেই নিজেদের শামিল রাখেন সনাতনীরা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১১ই আগস্ট ২০২৬
     

    3/related/default