হাওড়া নদী উন্নয়ন প্রকল্পে প্রায় দুই কিলোমিটার জুড়ে নদী তীরবর্তী এলাকায় সৌন্দার্যায়ন করা হয়েছে। কিন্তু হাওড়ার সবচাইতে বড় সমস্যা হচ্ছে নদীর নাব্যতা দিন দিন কমে যাচ্ছে। পলি, মাটি, বালি, নুড়ি -পাথর আবর্জনা ইত্যাদিতে নাব্যতা হারাচ্ছে হাওড়া। তাছাড়া বিভিন্ন জায়গায় বাঁশের ঝাড়, জঙ্গল , মাটিরস্তূপ এই সমস্ত কারণে নদী সংকীর্ণ হয়ে যাচ্ছে । ফলে হাওড়ার জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তাই সামান্য বৃষ্টিতে নদীতে জলস্ফীতি দেখা দেয়। কখনো কখনে বন্যার রূপ নেয়। এর ফলে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ও চাষিরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন।
এখন বন্যা নিয়ন্ত্রণের জন্য সবার আগে হাওড়া নদীর নাব্যতা বাড়ানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকেই। নদীর জল ধারণ ক্ষমতা বাড়লে বন্যার আশঙ্কা কমবে। এখন অবধি হাওড়া সহ রাজ্যের কোনও নদীরই নাব্যতা বাড়ানোর উদ্দ্যোগ নেওয়া হয়নি। শুখা মরশুমে নদীর বালি তুলে নাব্যতা বাড়ানো যেতে পারে। সেই বালি সরকারি উদ্দোগে বিক্রি করে সরকার রেভিনিউ সংগ্রহ করতে পারে। মানুষ সস্তায় বালি পেতে পারেন।
বন্যা দুর্গতদের আশ্রয়স্থলে জায়গা দিয়ে দিয়ে খাদ্য ও পানীয়জলের ব্যবস্থা করা ও কিছু আর্থিক সাহায্য প্রদানের মধ্য দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। নদীর নাব্যতা বা গভীরতা বৃদ্ধি করা একান্ত জরুরি বলে মনে করেন সচেতন নাগরিকরা। দেশের বিভিন্ন রাজ্যে বড় বড় নদীগুলির অত্যাধুনিক পদ্ধতিতে নাব্যতা বাড়ানো হয়। সেই তুলনায় হাওড়া সহ রাজ্যের অন্যান্য নদীগুলি বলতে গেলে ছড়া বা নালার মতোই। তাই রাজের নদীগুলির নাব্যতা বাড়াতে তেমন খরচারও প্রয়োজন নেই। শুধু প্রয়োজন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের। তবেই সাধারণ মানুষ বন্যার কবল থেকে মুক্তি পেতে পারেন। বন্যা নিয়ন্ত্রণ ও জল সম্পদ দপ্তর এই বিষয়ে উদ্যোগ নিতে পারে। হাওড়া নদী উন্নয়ন প্রকল্পে নদীর তীরবর্তী এলাকা সৌন্দর্যায়নের চাইতে নদীর জল ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া একান্ত জরুরি হয়ে পড়েছে । তাহলে একটা বড় সমস্যার সমাধান হবে ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৯ আগস্ট ২০২৬

.jpg)