আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তিন কুড়ি পানকৌড়ি ।। কবিতা ।। আরণ্যক বসু ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    তিন কুড়ি পানকৌড়ি 


    একটু স্বাধীন ইচ্ছে আমার স্কুলের বন্ধু জানে,

    ছোট্ট দুটো ডানার উড়ান মেঘ পেরিয়ে ডাকে,

    বাউল মামার গানের সঙ্গে বৃষ্টির নাচ যেন, 

    আমাদের সব দুষ্টুমিতে লাল ফড়িঙের ঝাঁকে।


    দাঁড় ছপছপ নাও ভেসে যায় বাদল দিনের ভোরে,

     একটু আধটু উঁকি-ঝুঁকি, দে ছুট দৌড়োদৌড়ি... 

    বর্ষা তখন তেপান্তরে, রেল পেরোলো নদী,

    তাই দেখতে জলে নেমেছে তিন কুড়ি পানকৌড়ি!


    স্বাধীনতা মানে তো ঘুড়ি-লাটাই ডাকে কোথায়? 

    বনের মধ্যে নদী, নাকি, নদীর কোলে বন!

    আর ফেরেনা, ঘুড়ি ভো-কাট্টা, রূপকথাটির দেশে, 

    যে দেশে নেই হোমটাস্ক আর অঙ্ক সারাক্ষণ...


    তেমন ভালোবাসা চেয়েছি রঙধনুটির কাছে,

    তেমন স্বাধীন ভেসে বেড়ানো ইচ্ছে আকাশ জুড়ে, 

    সাদা পালের নাও চেয়েছি জল-তরঙ্গ ঘিরে,

    পাগল ছুটির কথা লিখবো 

    মেঘ আর রোদ্দুরে।


    আরণ্যক বসু


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই সেপ্টেম্বর ২০২৬ 


     

    3/related/default