নিজস্ব প্রতিনিধিঃ
এবার ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে বড়সড় স্বস্তি দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মন্ত্রক থেকে সাফ জানিয়ে দেওয়া হল, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই-এর মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহক কিংবা ব্যবসায়ী—কারো থেকেই কোনো প্রকার মাশুল বা চার্জ নেওয়া যাবে না। ব্যাঙ্ক কিংবা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও এই ফি উসুলে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র। একই নিয়ম বহাল থাকবে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে করা লেনদেনের ক্ষেত্রেও। সম্প্রতি সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জ বসানো নিয়ে নানা বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছিল। ভবিষ্যতে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপগুলিকে সার্ভিস চার্জ নেওয়ার অনুমতি দেওয়ার সংস্থান ওই বিলে রাখায় সরব হয়েছিল বিরোধী দলগুলি। সেই বিতর্কের আবহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট করেছিলেন যে, সাধারণ লেনদেনকারীর ওপর কোনও বাড়তি বোঝা চাপানো হবে না।
Akb tv news
15.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

