উত্তরপূর্ব ভারতের গল্পচর্চার অন্যতম পরিসর ‘গল্পের জন্য’ র উদ্যোগে আগরতলার মেধাঙ্গন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ ‘গল্পের আসর’। আসলে গল্প নিয়েও যে কতসুন্দর নান্দনিক অনুষ্ঠান করা যায় এটা তারই প্রমাণ৷ গল্পপ্রেমী, সাহিত্য অনুরাগী, লেখক ও পাঠকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।
অনুষ্ঠানের প্রথম পর্বে ত্রিপুরার গল্পে দুঃস্বময়ের কথা বিষয়ে অনবদ্য আলোচনা করেন অধ্যাপক শেখর দাশ এরপর গল্প শুরুর গল্প নিয়ে নিজেদের গল্প জীবনের কথা বলেন ঔপন্যাসিক শ্যামল বৈদ্য ও গল্পকার মিতা রায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গল্পপাঠ করেন গল্পকার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, রীতা ঘোষ, বীথিকা চৌধুরী এবং মনীষা কর্মকার। তাঁদের সাবলীল ও বলিষ্ঠ পাঠ অনুষ্ঠানকে আরো সার্থক করে তুলেছে।
এদিন সংগীত পরিবেশন করেন অধ্যাপক ড. দেবযানী ভট্টাচার্য্য ও ড. ঋতুপর্ণা চক্রবর্তী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গল্পকার তথা নাট্য ব্যক্তিত্ব সুস্মিতা ধর। এই আয়োজন আরো আয়োজিত হবে বলে সংগঠনের তরফে সভাপতি দুলাল ঘোষ জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৪ই সেপ্টেম্বর ২০২৬

