নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘদিন ধরেই পুলিশের ভূমিকা নিয়ে
প্রশ্ন উঠছিল। বিশেষ করে গত কয়েক মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত বা
গ্রেফতার করতে না পারায় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছিল উদ্বেগ। এরই মধ্যে যোগেন্দ্রনগরে
এক মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় তদন্তে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। ছিনতাইয়ে
ব্যবহৃত বাইক উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে
পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ই সেপ্টেম্বর যোগেন্দ্রনগর এলাকায় এক মহিলার হার
ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করে পূর্ব আগরতলা
থানার পুলিশ। স্মার্ট সিটির বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, প্রত্যক্ষ দর্শীদের
সঙ্গে কথা বলা এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ।তদন্তে
পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ভাটি অভয়নগর এলাকায় জয়দীপ ঘোষের
ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, যোগেন্দ্রনগরের
ছিনতাইয়ের ঘটনায় জয়দীপ ঘোষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর বাড়ি খোয়াই জেলার চেবরির
পেকনিছড়া গ্রামে বলে জানা গেছে। শুধু অভিযুক্তকে আটক নয়, ছিনতাইয়ের সময় ব্যবহৃত বাইকটিও
উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় ওই যুবক বাইক চালাচ্ছিল। পরে
তাঁকে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে ছিনতাইয়ের পুরনো ঘটনাগুলিও
ফের আলোচনায় এসেছে। এর আগে পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের নাগাল না পাওয়ায়
অনেকের ধারণা ছিল, বাইরের রাজ্য থেকে আসা কোনও চক্র এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত।
এমনকি ট্রেনে করে রাজ্যে এসে ছিনতাই করে ফের রাজ্যের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাও সামনে
এসেছিল।তবে যোগেন্দ্রনগরের ঘটনায় পুলিশের সাম্প্রতিক সাফল্য সেই ধারণায় নতুন প্রশ্ন
তুলেছে। কারণ তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তাতে স্থানীয় যুবকদেরও এই ধরনের
অপরাধে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও
কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বাইক, সিসিটিভি ফুটেজ এবং
অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে। ফলে যোগেন্দ্রনগরের এই ঘটনার সূত্র
ধরে রাজধানীর সাম্প্রতিক ছিনতাইয়ের আরও কয়েকটি ঘটনার কিনারা হয় কি না, এখন সেদিকেই
নজর।
Akb tv news
13.09.2026.

