নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কর্মসূচিতে
দুর্বৃত্তদের বাধা ঘিরে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনার পর সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, "যদি বিন্দুমাত্র লজ্জা
ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ থাকে, তাহলে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়া উচিত, যাতে এমন ঘটনা আর কখনও না ঘটে।রাজ্যের শাসক দলকে মনে রাখতে হবে, মানুষ
একসময় রাস্তায় নেমে এলে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ নাও থাকতে পারে। এদিকে ঘটনাস্থলে
পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলে
উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় থানার ওসি উপস্থিত ছিলেন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায়
ছড়িয়ে পড়া ছবিতে পর্যাপ্ত সংখ্যক সিআরপিএফ ও পুলিশ কর্মীর উপস্থিতি দেখা গেছে। এত নিরাপত্তা
রক্ষী উপস্থিত থাকার পরও এধরনের বিশৃঙ্খলা কিভাবে তৈরি হল, প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী
মানিক সাহার ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির প্রসঙ্গ টেনে জিতেন্দ্র চৌধুরী কটাক্ষ করে
বলেন, "জিরো টলারেন্স নয়, এখানে যেন জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে।" মুখ্যমন্ত্রীর
পদ মর্যাদার প্রতি সম্মান রেখেই নিজের ঘোষিত নীতি বাস্তবায়নের জন্য তিনি পদক্ষেপের
দাবি জানান। একদিকে বিরোধী শিবির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে,
ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর রয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট জেলার মন্ত্রী রতন লাল নাথের
দ্রুত হস্তক্ষেপ দাবি করেন বিরোধী দলনেতা।
Akb tv news
27.09.2026.

