শীতের মরশুমে ত্রিপুরায় আসতে চলা পরিযায়ী শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও শ্রম আইন মেনে কর্মসংস্থান নিশ্চিত করতে ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল শ্রম দফতর। বৃহস্পতিবার শ্রম দফতরের মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের পাশাপাশি ব্রিক কিলন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এবং চিফ ইনস্পেক্টর অব ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লারস সূর্য পাল মজুমদার।
বৈঠকের পর শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল জানান, প্রতিবছরের মতো এবারও শীতের মরশুমে বিভিন্ন ইটভাটায় পরিযায়ী শ্রমিক আসার সম্ভাবনা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর তাঁদের পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, পরিচয়পত্র প্রদান এবং শ্রমিকদের রেজিস্টার সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি ইটভাটায় কর্মরত শ্রমিকদের জন্য উপযুক্ত ও স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়। আবাসন এলাকায় পর্যাপ্ত শৌচাগার, মহিলা শ্রমিকদের জন্য পৃথক শৌচাগার এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।বৈঠকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আসা পরিবারের সদস্যদের বিষয়টিও গুরুত্ব পায়। অনেক শ্রমিকের সঙ্গে শিশু ও কিশোর-কিশোরীরাও ত্রিপুরায় আসে। তাই তাঁদের জন্য নিরাপদ আবাসনের পাশাপাশি শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিশেষ করে শিশুদের ইটভাটার কর্মস্থলে প্রবেশ করতে না দেওয়ার জন্য মালিকদের সতর্ক করা হয়। কর্মস্থল থেকে পৃথক নিরাপদ জায়গা নির্দিষ্ট করে সেখানে শিশুদের খেলাধুলা ও সময় কাটানোর উপযুক্ত ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়। এর ফলে কর্মস্থলে শিশুদের দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে জানানো হয়।এছাড়াও শ্রমিক নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচলিত শ্রম আইন অনুযায়ী সমস্ত বিধিবদ্ধ ব্যবস্থা যথাযথভাবে পালন করার জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।শ্রম দফতরের পক্ষ থেকে জানানো হয়, পরিযায়ী শ্রমিক সংক্রান্ত বিষয়ে ইটভাটা মালিক বা উদ্যোক্তাদের কোনও ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার শ্রম দফতরের আধিকারিক ও পরিদর্শকরা প্রয়োজনীয় সহায়তা করবেন। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ইটভাটা শিল্পের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেদিকেও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে সেপ্টেম্বর ২০২৬


.jpeg)

.jpeg)
