নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গ
রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বাদ পড়াদের নামগুলি আবার
অন্তর্ভুক্ত করতে ৩৭ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আবেদন নিষ্পত্তির জন্য তৈরি ট্রাইব্যুনালের সংখ্যা না বাড়ালে
নিষ্পত্তিতে কম করে ১২ বছর লাগবে। এভাবেই শীর্ষ আদালতকে তাদের উদ্বেগের কথা
জানিয়েছে নির্বাচন কমিশন। এনিয়ে আশঙ্কা প্রকাশ করে তারা জানিয়েছে, গত পাঁচ মাসে
মাত্র ১ লক্ষ ২৬ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনালে ৩৭
লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ২২.২১ লক্ষ আবেদন করেছেন এমন ব্যক্তিরা
যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল এবং তাঁরা নাম ফেরাতে চান। বাকি আপিল জমা
পড়েছে অন্যের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে। যে গতিতে কাজ চলছে, তাতে সমস্ত আবেদন
নিষ্পত্তি করতে ১২ বছর সময় লাগবে। নির্বাচন কমিশনের
হিসাব অনুযায়ী, প্রতি মাসে আনুমানিক ২৫,২৩৮টি মামলার নিষ্পত্তি হচ্ছে। গত ১৬ই
সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৭ লক্ষ, ৫ হাজার ২৩৫টি
মামলা বিচারাধীন ছিল। ট্রাইব্যুনাল যদি ছুটির দিন ছাড়া সপ্তাহে সাত দিন কাজ করে,
তবে এতে কমপক্ষে ১৪৬ মাস সময় লাগবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি
থেকে ট্রাইব্যুনালগুলি আপিলের শুনানি শুরু করেছে। এমন পরিস্থিতিতে প্রক্রিয়াটি
দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেছেন তারা। সেই মত আরও বেশি সংখ্যক
ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের
৪২টি লোকসভার জন্য একটি করে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন। নিষ্পত্তি
হওয়া মামলার মধ্যে ১ লক্ষ ১৩ হাজার ৯৪৩টি ক্ষেত্রেই আবেদনকারীদের নাম ভোটার
তালিকায় ফিরিয়ে দেওয়া হয়েছে (যা নিষ্পত্তিকৃত মামলার ৯০ শতাংশেরও বেশি)।
Akb tv news
22.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

.jpg)