নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা সদর দফতরে প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, নির্বাচন পর্যবেক্ষক, এসডিপিও, জেলা পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড. পি কে চক্রবর্তী জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। বিশেষ করে ডিসপ্যাচ সেন্টার থেকে ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা, নিরাপত্তা ও ভোটার সচেতনতা, ভোটগ্রহণের দিন নজরদারি এবং ভোটগ্রহণ শেষে কর্মীদের রিসিভিং সেন্টারে ফেরার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন, বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশন অভিযান, ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে কমিশনকে অবহিত করা হয়। ড. চক্রবর্তী জানান, উত্তর ত্রিপুরা জেলার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কমিশন সন্তুষ্ট। শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই দায়িত্বে রয়েছে এবং বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশন ও টহল চালাচ্ছে।
Akb tv news
24.09.2026.

