আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিউলি কবির বাড়ি ফেরা ।। আরণ্যক বসু ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    শিউলি কবির বাড়ি ফেরা 


    মহালয়ার অমাবস্যা পেরিয়ে, পিতৃপক্ষের ভোর রাতে কে যেন আমার কানে কানে বললো --‌তোমাকে নিতে রিক্সা পাঠানো হয়েছে ।আমার ঘুম ভাঙিয়ে কানে কানে বললো -- ওঠো কবি ।  তুমি বাড়ি যাও ।আমি অন্তরীক্ষকে জবাব দিলাম ,আমি জানিনা আমি কোথায় আছি । অন্তরীক্ষ আবার জবাব দিলো , তুমি মৃত্যুর খুব কাছাকাছি ছিলে । দেবীপক্ষে তোমাকে বাড়ি পাঠানো হচ্ছে। কোনোমতে নিচে এসে দেখলাম একটি ক্লান্ত প্যাডেল রিক্সা রাস্তায় রাস্তায় আমার জন্য শেষ রাতের বৃষ্টিতে ভিজছে।তার মুখে ক্লান্ত প্রলাপ -- চলো বাড়ি ফিরে যাই,চলো বাড়ি ফিরে যাই।

    বললাম বন্ধু-- তুমি কোথা থেকে আসছো ? সে ফুঁপিয়ে কেঁদে বললো -- নেপাল সীমান্ত থেকে । ভেসে গেছে ,সব ভেসে গেছে । আমি বললাম, আমার চেনা মানুষেরা ফেরেনি ? যাঁদের বাড়ির সবাই যে অপেক্ষা করছে ! রিক্সাওয়ালা ভাই বললো ,আমি আর পারছিনা।চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি । তারপর আবার রিকশার ডানা ভাসিয়ে ধ্বংসের কাছে ফিরে যাব। ধ্বংস যদি কারও একটা আঙুলও ফিরিয়ে দেয়, তাই নিয়ে তাঁর বাড়ির মানুষের কাছে পৌঁছে দিয়ে আসবো গো বন্ধু।

    বললাম- আমার কাছে তো একটাও পয়সা নেই , মোবাইল নেই । তুমি আমাকে নিয়ে যাবে ? সে বললো ,এত দূর উড়ে এসে আমি বড্ড ক্লান্ত। আমি পয়সা নেবো না তোমার থেকে। বাড়ির লোকেদের সঙ্গে আনন্দে থাকো । আমায় তুলে নিলো তার ভাঙা প্যাডেল রিক্সায়। আমিও কেমন ঘোরের মধ্যে চললাম।এক জায়গায় শিউলি গাছ । আমি  অনেক শিউলি কুড়িয়ে দুই হাতের মুঠোয় রাখলাম । সে কেমন আর্তনাদের সঙ্গে প্যাডেল চালাতে চালাতে বলছিল -- চলো শিউলি কুড়োই, চলো বাড়ি ফিরে যাই...

     বাড়িতে এসে আমার অবাক স্ত্রী আমাকে দুহাতে জড়িয়ে ধরলো । সে তখন সবুজ সবজি কিনছিল আর কিনছিলো লাল আঙুর আর আপেল । ঘরে ঢোকবার আগে আমার ঘরের মানুষের হাতে একমুঠো শিউলি দিলাম। সে আমার আমার ঘুমন্ত সন্তানকে কানে কানে বললো - তোমার আদরের বাবা কতদিন পর ফিরে এলো। যাও, সামনে গিয়ে দাঁড়াও। 

    আমার খুউব ঘুম পাচ্ছিল। রিক্সাওয়ালাকে বাকি শিউলি দিয়ে বললাম-- ও দেবদূত,তুমি না ফেরা মানুষদের জন্য ছড়িয়ে দিয়ো, কোনো নদীর পারে, কাশবনে।

    রিক্সাওয়ালা আমাকে জড়িয়ে ধরে বললো -- কবি, তুমি ভালো থাকো । বলে  কাঁদতে কাঁদতে, প্যাডেল চালাতে চালাতে রিক্সাওয়ালা মিলিয়ে গেল । সকালের তখনো বাজছে  -- এসো শিউলি কবি, বড়ো ক্লান্ত তুমি। ঘুমিয়ে পড়ো।


    আরণ্যক বসু 


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৪শে অক্টোবর ২০২৬

     

    3/related/default