নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার থেকে শুরু হয়েছে নবরাত্রি উৎসব। এদিন
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,
দিব্যশক্তির আরাধনায় নিবেদিত নবরাত্রির এই পবিত্র উৎসবে সকল দেশবাসীকে জানাই আন্তরিক
শুভেচ্ছা। মা জগদম্বার কৃপায় প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও
সুস্বাস্থ্য আসুক এবং জাতীয় ঐক্য ও অগ্রগতির সংকল্প আরও শক্তিশালী হোক।নবরাত্রির
সূচনায় শান্তির দেবী মা শৈলপুত্রীর চরণেও প্রণাম জানান প্রধানমন্ত্রী। তিনি
লেখেন, মা শৈলপুত্রীর দিব্য আশীর্বাদ যেন সকলের হৃদয়ে ধৈর্য ও আত্মবিশ্বাসের আলো
জ্বালিয়ে দেয়। দেশের মানুষের উপর যেন সর্বদা মায়ের আশীর্বাদ বজায় থাকে, সেই
প্রার্থনাও করেছেন তিনি।এদিন প্রধানমন্ত্রী দেবী আম্মান বা মরিয়াম্মানের উদ্দেশে
নিবেদিত তামিল ভক্তিগীতি ‘কর্পূর নায়াগিয়ে’-র একটি ইউটিউব লিঙ্কও শেয়ার করেন।
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও শারদীয়া নবরাত্রির প্রথম দিনে রাজধানীর
বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, আদিশক্তি মা দুর্গার
আরাধনায় নিবেদিত এই পবিত্র উৎসব দিল্লির প্রতিটি পরিবারে ভক্তি, আনন্দ ও শুভ
পরিবেশ নিয়ে আসুক। মা ভগবতীর কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও
সমৃদ্ধি আসুক বলেও প্রার্থনা করেন তিনি। নবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম
গুরুত্বপূর্ণ উৎসব। এই নয় দিন দেবী দুর্গা ও তাঁর নয়টি রূপের আরাধনা করা হয়।
দেশের বিভিন্ন প্রান্তে ভক্তেরা পুজো, উপবাস, প্রার্থনা এবং নানা ধর্মীয়
আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালন করেন। নয় দিন ব্যাপি চলা এই উৎসবের সমাপ্তি
ঘটবে বিজয়াদশমী বা দশেরার মাধ্যমে। অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক
হিসেবে এই দিনটি পালিত হয় বলে এদিন সামাজিক মাধ্যমে উল্লেখ করেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী।
Akb tv news
11.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

