নিজস্ব প্রতিনিধিঃ
গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতির কবল থেকে ত্রিপুরাকে রক্ষা এবং নগরবাসীকে ফ্লেক্স নির্ভর প্রচারের পরিবর্তে বাস্তব পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি সামনে রেখে আসন্ন পুর নিগম ও পুর পরিষদ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করবে বামফ্রন্ট। সোমবার আগরতলা পুর নিগম নির্বাচনে ২৬টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, কংগ্রেস নেতৃত্ব দিল্লি থেকে ফিরে আসার পর আরও কয়েকটি আসনে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। তাঁর বক্তব্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং পুরবাসীদের নাগরিক পরিষেবা নিশ্চিত করাই এই নির্বাচনে বামফ্রন্টের অন্যতম প্রধান লক্ষ্য। এদিন রাজধানীতে মিছিল করে গিয়ে প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদিকে রাজনৈতিক সূত্রের খবর, আগরতলা পুর নিগম নির্বাচনে ২২ ও ২৯ আসনের সমঝোতার ফর্মুলায় লড়াই করতে যাচ্ছে বামফ্রন্ট ও কংগ্রেস। যদিও আসন সমঝোতার চূড়ান্ত তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। ফলে কোন দল কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে এখন নজর রয়েছে।তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে।
Akb tv news
02.11.2026.

